চ্যাটজিপিটি এখন ডিজিটাল হকার : Prompt এর মাঝখানে এখন ‘লাক্স’র অ্যাড
স্যাম অল্টম্যান বুঝে গেছেন বাঙালিরা ক্র্যাক সফটওয়্যার আর ফ্রি ভার্সন ছাড়া এক কদমও নড়ে না।
"এআই চ্যাটবটের পরিচালনা ব্যয় দিন দিন বাড়তে থাকায়... আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফ্রি... ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন।"
রিয়েলিটি চেক: মাইক্রোসফটের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এখন এরা কঙ্গাল সেজেছে! লোকাল বাসে যেমন ভাড়া না দিলে কন্ডাক্টর ঘাড় ধাক্কা দেয়, চ্যাটজিপিটিতেও অবস্থা তাই। আপনি হয়তো খুব ইমোশনাল হয়ে জিজ্ঞেস করলেন, "গার্লফ্রেন্ডের রাগ ভাঙাবো কীভাবে?"—আর চ্যাটজিপিটি উত্তর দেওয়ার আগে আপনাকে দেখাবে, "ভাই, ডিপ্রেশনে আছেন? ডিসকাউন্টে এই বিরিয়ানিটা অর্ডার করুন!"
"ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য... সুরক্ষিত থাকবে এবং কোনো অবস্থাতেই তা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হবে না।"
রিয়েলিটি চেক: এই "ডেটা বিক্রি করি না" ডায়লগটা আমরা ফেসবুক আর গুগলের কাছ থেকে গত এক যুগ ধরে শুনে আসছি। টেক কোম্পানিগুলোর ভাষায় "সুরক্ষিত রাখা" মানে হলো—আপনার তথ্যটা আমরা লকারে রেখেছি, কিন্তু লকারের চাবিটা বিজ্ঞাপনদাতাদের ভাড়ায় দিয়েছি। "Trust me bro" লেভেলের ভাঁওতাবাজি ছাড়া এটা আর কিছুই না।
"বিজ্ঞাপনগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা থাকবে... ব্যবহারকারীরা চাইলে জানতে পারবেন, কেন তাঁদের সামনে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানো হচ্ছে।"
রিয়েলিটি চেক: বাহ! কী দরদ! বিজ্ঞাপন তো দেখাবোই, আবার লজিকও দেব কেন দেখাচ্ছি। আপনি হয়তো ভার্সিটির অ্যাসাইনমেন্ট বা কোড ফিক্স করার জন্য প্রম্পট দিলেন, আর চ্যাটজিপিটি আপনাকে ‘মাথাব্যথার বাম’ বা ‘জমি কিনুন পূর্বাচলে’-এর অ্যাড দেখিয়ে বলবে—"আপনার প্রম্পট দেখে মনে হলো আপনি খুব স্ট্রেসে আছেন, তাই এই বিজ্ঞাপন।"
"অনেকে এআই ব্যবহার করতে আগ্রহী হলেও এর জন্য অর্থ প্রদান করতে চান না।" (স্যাম অল্টম্যান)
রিয়েলিটি চেক: স্যাম মামা সোজা আমাদের মতো 'মাগনাখোর' পাবলিকদের টার্গেট করেছেন। উনি বুঝে গেছেন, আমরা ২ ঘণ্টার মুভি ডাউনলোড করতে ১০টা পপ-আপ অ্যাড ক্লোজ করতে রাজি আছি, কিন্তু ২০ ডলার সাবস্ক্রিপশন ফি দেব না। তাই এখন চ্যাটজিপিটি আর স্মার্ট অ্যাসিস্ট্যান্ট নেই, এটা এখন ফার্মগেটের মোড়ের সেই মলম বিক্রেতা হয়ে গেছে।