প্রাইভেসি? সে আবার কী? টাকা দিয়ে নিজের ওপর গোয়েন্দাগিরি করানোর সুবর্ণ সুযোগ!
"আপনার প্রাইভেসি আমাদের কাছে আমানত, তবে সেই আমানত আমরা মাঝেমধ্যে ভেঙে চেক করে দেখব, ঠিক আছে তো?"
"ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে বর্তমানের তুলনায় প্রাসঙ্গিক উত্তর ও সার্চ ফলাফল দেখাতে পারবে এআই।"
রিয়েলিটি চেক: সোজা বাংলায়, গুগল এখন আপনার ঘরের বউ বা গার্লফ্রেন্ডের চেয়েও বেশি সন্দেহবাতিক হবে। আপনি কী খুঁজছেন, সেটা জানার আগেই গুগল বলে দেবে—"আপনার তো এখন ডিপ্রেশন চলছে, অরিজিৎ সিংয়ের গান শুনবেন নাকি বিরিয়ানি অর্ডার করবেন?"
"নতুন পণ্য কেনার সময় এআই মোড ব্যবহারকারীদের আগের কেনাকাটার তথ্য পর্যালোচনা করে নির্দিষ্ট ব্র্যান্ডের নতুন পণ্য কেনার পরামর্শ দেবে।"
রিয়েলিটি চেক: মানে আপনি গত মাসে দারাজ থেকে ভুলে কোন ফালতু জিনিস কিনেছিলেন, গুগল সেটা মনে রেখেছে। এখন সেটার ওপর ভিত্তি করে আপনাকে আরও ১০টা ফালতু জিনিস গছিয়ে দেওয়ার প্ল্যান করবে।
"গুগল ফটোজ থেকে ব্যবহারকারীদের আগের ভ্রমণের ছবি পর্যালোচনা করে ভবিষ্যতে ভ্রমণের জন্য সম্ভাব্য স্থানের নাম প্রস্তাব করবে।"
রিয়েলিটি চেক: গুগল আপনার গ্যালারি ঘেঁটে দেখবে গত ১০ বছরে আপনি শুধু কক্সবাজার আর সাজেক গিয়েছেন। এরপর এআই মহা পন্ডিতের মতো সাজেস্ট করবে—"বস, এবারও কি কলাতলী বিচেই যাবেন, নাকি সাজেকের ওই একই রিসোর্টে মেঘের ছবি তুলবেন?" মানে আপনার একঘেয়ে লাইফস্টাইল নিয়ে গুগলও এখন ট্রল করবে।
"তবে ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে না... এই সুবিধা সম্পূর্ণ ঐচ্ছিক।"
রিয়েলিটি চেক: এইটা হলো সেই ক্লাসিক ডায়লগ—"বিশ্বাস করেন, আমি আপনার ভালোর জন্যই বলছি।" বাংলাদেশে যেমন 'টার্মস অ্যান্ড কন্ডিশন' কেউ পড়ে না, গুগলও জানে আমরা 'I Agree' বাটনে টিপ দেওয়ার জন্য পাগল। 'ঐচ্ছিক' মানে হলো, আপনি অনুমতি না দিলেও ওরা ডেটা নেবে, কিন্তু অনুমতি দিলে সেটাকে 'ফিচার' বলে চালিয়ে দেবে।
"প্রাথমিকভাবে গুগল এআই প্রো ও গুগল এআই আলট্রা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।"
রিয়েলিটি চেক: অর্থাৎ, টাকা দিয়ে নিজের পায়ে কুড়াল মারার সুযোগটা প্রথমে বড়লোকদের দেওয়া হচ্ছে। একেই বলে—"নিজে যেচে বাঁশ নেওয়া!"